স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: মিনু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দলের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করে নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনেই দলের একাধিক যোগ্য নেতা প্রার্থী হতে আগ্রহী হন। তবে এবার দলীয় শৃঙ্খলার স্বার্থে সমন্বয়ের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মিনু। পরবর্তীতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা। এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে বিকেলে একটি বিশাল শোভাযাত্রার কর্মসূচি রয়েছে। শোভাযাত্রাটি মহানগরের বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর ও জিরো পয়েন্ট অতিক্রম করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে