লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর: সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। এর ফলে উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং বিশাল আকারের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে।
পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকায় মঙ্গলবার ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আচমকা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এছাড়া লঘুচাপের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে