সরকারি টাকা পকেটে ভরলে জেলে যেতেই হবে: নাটোরে হুইপ দুলু
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি অনুদান ব্যবহারে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে এক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, জনগণের অর্থ আত্মসাৎকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের অনুদান এবং ২৬৭ জন দুস্থ ও অসহায় রোগীর মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হুইপ দুলু সর্বমোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান উন্নয়ন ধারায় আগামী ৫ বছরে দেশের কোনো ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সহায়তা থেকে বঞ্চিত হবে না। তবে বিগত স্বৈরাচারী সরকারের আমলের মতো সরকারি অর্থ আত্মসাৎ বা ভাগবাটোয়ারা করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় নেতা-কর্মীরা।
১১১ বার পড়া হয়েছে