পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্বনবীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।
২৬ আগস্ট সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটি এবং খানবাহাদুর মখলেছুর রহমান দারুচ্ছুন্নাত মাদরাসাসহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের ব্যানারে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পরবর্তীতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল মহানবী (সা.) মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। ২৩ বছরের নবুয়তি জীবনে তিনি মানুষকে শান্তি, কল্যাণ ও মুক্তির পথ দেখিয়েছেন। এই পবিত্র দিনে ধর্মপ্রাণ মুসলমানদের বেশি বেশি দরুদ শরিফ পাঠ, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতের তাগিদ দেওয়া হয়।
১৩০ বার পড়া হয়েছে