হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ঝাড়ু মিছিলে বিস্ফোরণ
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদল নেতা মোল্লা শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয়দের বের করা একটি ঝাড়ু মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত যুবদল নেতা মো. মোল্লা শাহীন দীর্ঘদিন ধরে এলাকায় নিজস্ব বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো ছাড়াও জোরপূর্বক জমি দখল এবং নদী এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।
এই নির্যাতনের প্রতিবাদে পদ্মা নদীর ঘাট অভিমুখে সাধারণ মানুষের একটি বিশাল ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ বিকট শব্দে ককটেল বা পটকা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দাবি, মিছিল পণ্ড করতে মোল্লা শাহীনের অনুসারীরাই এই হামলা চালিয়েছে।
বিক্ষোভ ও ঝাড়ু মিছিল শেষে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা অবিলম্বে এই যুবদল নেতার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এদিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, থানায় একটি বিকট শব্দ শোনা গেলেও সেটি ককটেল ছিল না। থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে একটি বোতল থেকে কয়েকটি চকলেট পটকা উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১৩৪ বার পড়া হয়েছে