১ হাজার কোটি টাকার প্রকল্প: বরেন্দ্র অঞ্চলে সেচ কাজে ব্যবহার হবে নদীর পানি
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির সংকট মোকাবিলায় প্রায় এক হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। মহানন্দা নদী থেকে পানি উত্তোলন করে এই অঞ্চলের ফসলি জমিতে সেচ সুবিধা পৌঁছে দেওয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য। বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এক মতবিনিময় সভায় এই যুগান্তকারী পরিকল্পনার কথা জানান।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মহানন্দা নদী থেকে পানি উত্তোলন করে খালে ফেলে পরবর্তীতে তা কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার কয়েকটি উপজেলার হাজার হাজার কৃষক সরাসরি সুফল পাবেন। বরেন্দ্র অঞ্চলে পানির ক্রমবর্ধমান সংকট নিরসনে সরকারের এই পরিকল্পনা ইতিমধ্যে প্রাথমিক অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ'র বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, বিভিন্ন নদী-খাল ও ফসলি মাঠ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। বিএমডিএ চেয়ারম্যান জানান, আগামী ১০ বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১৭০০টি সেচ পাম্পকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে, যা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে।
এছাড়া ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আগামী ৫ বছরের মধ্যে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এর ফলে বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা সহজে ব্যবহার করা সম্ভব হবে।
উক্ত মতবিনিময় সভায় বিএমডিএ-এর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩০ বার পড়া হয়েছে