দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ভয়াবহ ধস: ৪৯ কলেজে শূন্য পাস
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় নেমে এসেছে। সাত বছরের মধ্যে সর্বনিম্ন ৪৫.৯৮ শতাংশ শিক্ষার্থী এবার উত্তীর্ণ হয়েছে। একই সাথে বোর্ডের অধীন ৪৯টি কলেজে পাসের হার শূন্যের কোঠায় নেমে এসেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ। পরিসংখ্যানে জানা যায়, এ বছর মোট ১ লাখ ১৯ হাজার ৫৯১ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১১ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে মাত্র ৫১ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী কৃতকার্য হতে পেরেছে এবং জিপিএ-৫ লাভ করেছে ২ হাজার ৮৭৬ জন।
শিক্ষা বোর্ডের গত সাত বছরের ফলাফল বিশ্লেষণ করলে পাসের হারের ধারাবাহিক অবনতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে। ২০২০ সালে এই বোর্ডে পাসের হার ছিল ১০০ শতাংশ, যা ২০২১ সালে ৯২.৮০, ২০২২ সালে ৭৯.০৮, ২০২৩ সালে ৪৮.৪৮, ২০২৪ সালে ৭৭.৫৬ এবং ২০২৫ সালে ৫৭.৮৯ শতাংশে দাঁড়ায়। তবে ২০২৬ সালে সেই হার আরও নেমে দাঁড়িয়েছে ৪৫.৯৮ শতাংশে, যা শিক্ষাবিদদের চিন্তায় ফেলেছে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের চিত্রটিও বেশ উদ্বেগের। বোর্ডের অধীন মোট ৬৬৮টি কলেজের মধ্যে শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পেরেছে মাত্র ৬টি প্রতিষ্ঠান। অন্যদিকে, ৪৯টি কলেজে পাসের খাতায় একজন শিক্ষার্থীর নামও যুক্ত হয়নি। এ ছাড়া ৫০ থেকে ৭০ শতাংশ পাসের হার রয়েছে ৪০টি কলেজে এবং ৭০ থেকে ৯০ শতাংশ পাসের হার অর্জন করেছে ১৬টি প্রতিষ্ঠান।
১৭০ বার পড়া হয়েছে