ফরিদপুরে পানির সংকটে মাত্র একটি নৌকা নিয়ে ঐতিহ্যবাহী বাইচ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঐতিহ্যবাহী খেজুরতলা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। খালে পর্যাপ্ত পানি না থাকায় এবার প্রতিযোগিতামূলক বাইচ না হলেও ঐতিহ্য রক্ষায় মাত্র একটি নৌকা নিয়েই এ আয়োজন করা হয়। পানির তীব্র সংকটের মধ্যেও স্থানীয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ মেলাকে জমজমাট করে তোলে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খেজুরতলা খালে এ নৌকা বাইচের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের মতে, প্রায় দুইশত বছর ধরে প্রতি বছর ১ ভাদ্র এই অঞ্চলে নৌকা বাইচ আয়োজনের ঐতিহাসিক রেওয়াজ চলে আসছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাহারি সব নৌকা নিয়ে প্রতিযোগীরা এতে অংশ নেন।
তবে চলতি বছর খালের নাব্য ও তীব্র পানি সংকটের কারণে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতামূলক আসর আয়োজন করা সম্ভব হয়নি। তবুও শত বছরের আবেগ আর ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মাত্র একটি সাধারণ নৌকা নিয়ে প্রতীকী বাইচের মাধ্যমে খালের বুকে উৎসবের সূচনা করা হয়। প্রতিযোগিতা না থাকলেও এই আয়োজন ঘিরে স্থানীয়দের উৎসাহ ও উদ্দীপনার কোনো কমতি ছিল না।
নৌকা বাইচ উপলক্ষে খালের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে বসেছিল জমজমাট গ্রামীণ মেলা। শতাধিক অস্থায়ী দোকানে রকমারি খেলনা, মিষ্টান্ন, পোশাক ও কুটির শিল্পের নানা সামগ্রী নিয়ে বসেন ব্যবসায়ীরা। নারী, শিশু ও বিভিন্ন বয়সী হাজারো মানুষ খালের দুই পাড়ে দাঁড়িয়ে এবং নৌকায় চড়ে এই গ্রামীণ আনন্দ উপভোগ করেন।
আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, খালের গভীরতা হ্রাস পাওয়ায় এবার বাইচ চালানো কঠিন ছিল। তবে ঐতিহ্য ধরে রাখার স্বার্থে প্রতীকীভাবে এটি চালু রাখা হয়েছে। আগামীতে সরকারি উদ্যোগে খালটি খনন করে নাব্য ফিরিয়ে আনার পাশাপাশি আরও বড় পরিসরে এই বাইচ আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
১২০ বার পড়া হয়েছে