পরকীয়ার কারণে ফরিদপুরে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার কুশাদাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার স্ত্রীর সঙ্গে জামায়াত নেতা ইনামুল মোল্লার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জানাজানি হলে এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত ইনামুল বোয়ালমারী বাজারের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
এই ঘটনার জেরে গত মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখা ইনামুল মোল্লাকে দলের প্রাথমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমির পদে কর্মরত ছিলেন অভিযুক্ত এই যুবক।
এ বিষয়ে বোয়ালমারী মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, দুই দিন আগে ভুক্তভোগী প্রবাসী স্বামী তাকে ফোন করে এই অনৈতিক সম্পর্কের কথা জানান। যেহেতু অভিযুক্ত সেখানে চাকরি করেন, তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা জানতে চান তিনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আগে অবগত ছিল না বলে প্রবাসীকে জানানো হয়েছে।
অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ইনামুল মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও এ নিয়ে কথা বলা সম্ভব হয়নি।
জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে ইনামুলকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, ব্যক্তির কোনো অপকর্মের দায় সংগঠন কখনোই নেবে না।
১৩১ বার পড়া হয়েছে