১২ সেপ্টেম্বর খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন, তফসিল ঘোষণা
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনার ইরুফা সুলতানা গতকাল এই নির্বাচনী তফসিল প্রকাশ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপে আগামী ১৮ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ আগস্ট এই তালিকার ওপর যেকোনো ধরনের আপত্তি গ্রহণ করা হবে। আপত্তির বিষয়ে আগামী ২৩ আগস্ট শুনানি শেষে ২৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে।
নির্বাচনী সময়সূচি অনুসারে, আগামী ৩০ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ৩ সেপ্টেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাই পর্ব শেষে ৪ সেপ্টেম্বর খসড়া প্রার্থী তালিকা এবং ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে ৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এর মধ্যে রয়েছে চারটি সহসভাপতি, একটি সাধারণ সম্পাদক, একটি অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুটি যুগ্ম সম্পাদক, একটি কোষাধ্যক্ষ ও ১৩টি নির্বাহী সদস্য পদ। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের জন্য দুটি এবং নারীদের জন্য দুটি সংরক্ষিত নির্বাহী সদস্য পদ রয়েছে।
১২৬ বার পড়া হয়েছে