বিএটি বাংলাদেশের প্রথম নারী কোম্পানি সেক্রেটারি ফারাহ নূর
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ) কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হিসেবে ফারাহ নূরকে নিয়োগ দিয়েছে। গত ২৩ জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে বিএটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
আইন ও করপোরেট খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ফারাহ নূরের। এর মধ্যে দুই দশকের বেশি সময় তিনি বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত। ২০০৫ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর লিগ্যাল ও বিজনেস পার্টনারিং বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ তিনি লিটিগেশন অ্যান্ড করপোরেট কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে দেশের একটি শীর্ষস্থানীয় আইন প্রতিষ্ঠানে চার বছরের বেশি সময় অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করেছেন ফারাহ নূর। এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার প্রশিক্ষণ কর্মসূচিতেও আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফারাহ নূর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও হংকংয়ে বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত উন্নয়ন কর্মসূচি ও বিশেষায়িত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
নতুন দায়িত্বে ফারাহ নূর বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদকে সহায়তার পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স কার্যক্রমে নেতৃত্ব দেবেন। তাঁর দায়িত্বের মধ্যে প্রতিষ্ঠানের সুশাসন, নীতিমালা ও প্রযোজ্য আইন-কানুন মেনে চলার বিষয়গুলো আরও শক্তিশালী করার কাজও থাকবে।
নিয়োগের বিষয়ে ফারাহ নূর বলেন, নতুন দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি সম্মানিত। দুই দশকের বেশি সময় বিএটি বাংলাদেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সততা, সুশাসন ও কমপ্লায়েন্সের মান আরও উন্নত করতে চান তিনি।
তিনি আরও বলেন, সম্মিলিতভাবে এমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে। তাঁর আশা, এই অর্জন আরও বেশি নারীকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
১২৮ বার পড়া হয়েছে