চাঁপাইনবাবগঞ্জে টিয়া শিকারের দায়ে জরিমানা, উদ্ধার পাখি অবমুক্ত
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে টিয়া পাখি শিকারের অপরাধে মিনার আলী নামের এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে ফাঁদ পেতে বন্য টিয়া পাখি শিকার করছিলেন মিনার আলী নামের এক যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে পাখি ও ফাঁদসহ আটকে রেখে স্থানীয় প্রশাসনকে খবর দেয়।
সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শিকারিকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে কখনো পাখি শিকার করবেন না মর্মে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ার পর উদ্ধার হওয়া টিয়া পাখিগুলোকে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে সবার উপস্থিতিতে মুক্ত আকাশে পাখিগুলোকে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বন্য পাখি শিকার এবং তা কেনাবেচা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। তিনি বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং এই ধরণের পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
১১১ বার পড়া হয়েছে