বরিশালে ১৭ কোটি টাকায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ হবে: তথ্যমন্ত্রী
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালে ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে সাততলা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারাদেশের মতো বরিশালের এই তথ্য কমপ্লেক্সও আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে। এখান থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন তথ্য ও সেবা পাবেন সাধারণ মানুষ।
বরিশাল নগরীর কাশিপুরে আজ রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন করা হয়। গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতিটি তথ্য কমপ্লেক্সে আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে। প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা এসব কমপ্লেক্স থেকেই দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ এক জায়গা থেকে আধুনিক তথ্য ও প্রযুক্তিসেবা পাওয়ার সুযোগ পাবেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের সবচেয়ে বেশি সুবিধা পাবেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের পেশাগত কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হবে এবং তা অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আধুনিক প্রযুক্তি ও তথ্যসেবার মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এই কমপ্লেক্স কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান। তিনি জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে সাততলা আধুনিক তথ্য কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে।
পরে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপপ্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২৮ বার পড়া হয়েছে