নড়াইলে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে ইসলামী শিক্ষা দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে তুলারামপুর আলিয়া মাদ্রাসা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রোববার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তুলারামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন ছাত্রশিবিরের নড়াইল সদর উত্তর থানা সভাপতি এইচ এম আবু তাহের।
উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় দল এবং তুলারামপুর আলিয়া মাদ্রাসা দল। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক করতালির মধ্যে লড়াই করে তুলারামপুর আলিয়া মাদ্রাসা দল ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে শিরোপা নিজেদের করে নেয়।
বিকালে খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির তুলারামপুর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং একটি নৈতিকতাসম্পন্ন সুস্থ সমাজ বিনির্মাণে মাঠের ক্রীড়াচর্চা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।
১৪৩ বার পড়া হয়েছে