গোপালগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই কৃষকসহ ৩ জনের লাশ উদ্ধার
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের পৃথক তিনটি স্থানে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ও দুপুরে জেলার মুকসুদপুর, সদর এবং কাশিয়ানী উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাগুলোতে স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির আওতাধীন ভট্টাচার্যের কান্দি গ্রামের একটি খাল থেকে মিটু খলিফা নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার জমিতে পাট কেটে বাড়ি ফেরার পথে সাঁতরে খাল পার হতে গিয়ে নিখোঁজ হন তিনি। ফায়ার সার্ভিসের তল্লাশির পর আজ সকালে খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
অন্যতিকে, সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শান্ত মোল্যা নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, মাদকের টাকার জন্য বাবার সাথে বাগবিতণ্ডার একপর্যায়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এছাড়া, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রাম থেকে বাবুল মিয়া নামের অপর এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, বাবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
১১২ বার পড়া হয়েছে