রাজনৈতিক মামলায় হয়রানির বিচার হবে : আইনমন্ত্রী
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া লাখ লাখ রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। এ সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে রোববার (১৬ আগস্ট) আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময়ে যত হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটির বিচার করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দেশে আইনের শাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
আইনমন্ত্রী বলেন, ১/১১-এর সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশ ছাড়লে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল এবং রাজনীতি না করার শর্তও দেওয়া হয়েছিল। এমনকি তাঁর দুই সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে এবং যেখানে লাখো-কোটি মানুষ বসবাস করেন, সেই দেশ ছেড়ে তিনি যাননি। অন্যদিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।
সরকারের ব্যয়সংযমের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ব্যবহৃত ২৮টি গাড়ির পরিবর্তে চারটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এতে যানজট ও সরকারি ব্যয়—দুই-ই কমেছে বলে তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী হয়েও ১০০ টাকার বেশি মূল্যের খাবার গ্রহণ না করার উদাহরণ দিয়ে তিনি সরকারের ব্যয়সংযম ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আগের সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, বিচার বিভাগে অনেক সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।
১১৩ বার পড়া হয়েছে