কুষ্টিয়ার খোকসায় রওনকসহ ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোর শিক্ষা বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জনকারী রওনক হাসানসহ জিপিএ-৫ পাওয়া ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়ার খোকসা-জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে রোববার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে উপহার দেওয়া হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এবারের এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২২১ নম্বর পেয়ে যশোর শিক্ষা বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে রওনক হাসান। নিজের সাফল্যের পেছনে শিক্ষক ও বাবা-মায়ের দোয়া, সহযোগিতা এবং নিজের পরিশ্রমের কথা জানায় সে।
রওনক হাসান বলে, কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
রওনকের অভিভাবক রুপালী খাতুন বলেন, তাঁর ছেলে এসএসসি পরীক্ষায় ভালো ফল করায় তিনি আনন্দিত। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ায় তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিলে তাদের মধ্যে আরও ভালো করার আগ্রহ তৈরি হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রিপন হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
১২৭ বার পড়া হয়েছে