গোপালগঞ্জে তেল-গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক পার্টির মানববন্ধন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি। রবিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বক্তারা দ্রুত লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য ফেরদৌস আমিনা, ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাজাহারুল ইসলাম ইমরান, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব মো. লিমন মোল্যা।
বক্তারা অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এছাড়া বাজারে সিলিন্ডার গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
১০৮ বার পড়া হয়েছে