অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা: মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করল বিএনপি
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মির্জা ফখরুলের প্রার্থিতার বিষয়টি ঘোষণা করেন।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আজ বিকেল চারটার আগে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিএনপির মহাসচিবের পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বিএনপির দীর্ঘদিনের এই নেতা ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তাঁকে আনুষ্ঠানিকভাবে মহাসচিব করা হয়। দীর্ঘ সময় ধরে দলটির কেন্দ্রীয় নেতৃত্বে থেকে মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন।
খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময়ে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তিনি একাধিকবার গ্রেপ্তার ও কারাবন্দী হন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলের নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপির ভেতরে ও বাইরে তিনি পরিচিতি পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
এদিকে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে।
এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে রাষ্ট্রপতি পদে ভোট হবে। প্রায় ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে। বর্তমানে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জামায়াতসহ বিরোধী দলগুলোর সদস্যসংখ্যা সংরক্ষিত নারী আসনসহ ৯০। ফলে ভোট হলে বিএনপি-সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
১৪৩ বার পড়া হয়েছে