তালায় চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় এক রাতেই দুটি পৃথক বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে বুধবার রাতে ঘটে যাওয়া এই চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগীরা বর্তমানে চিকিৎসাধীন থাকায় চুরির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আবজাল জোয়াদ্দারের বাড়িতে প্রথম চুরির ঘটনাটি ঘটে। রাতে পরিবারের সবাই যথারীতি ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা সুকৌশলে ভেতরে প্রবেশ করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে বেগ পেতে হয় তাদের। পরে দরজা খুলে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে তারা চুরির বিষয়টি টের পান।
একই রাতে খানপুর গ্রামের জাবাক্সে সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও সমরূপ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য ইলিয়াস সরদার জানান, চোর চক্রটি রাতের অন্ধকারে চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সবাইকে সংজ্ঞাহীন করে ফেলে এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
অচেতন করার রাসায়নিকের প্রভাবে পরিবারের সদস্যরা এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। চিকিৎসাধীন ও অসুস্থ থাকায় ঠিক কত টাকার মালামাল ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কোনো পরিবারই। সুস্থ হওয়ার পর তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, চুরির এই ঘটনা দুটিতে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে তদন্তপূর্বক দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২১ বার পড়া হয়েছে