রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা, ফখরুলের পক্ষে একটি অলির পক্ষে দুটি
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা তিনটি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং বাকি দুটি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
এই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্ধারিত নিয়মে সেগুলো যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থীদের তালিকা অনুযায়ী পরবর্তী ধাপ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
১৪৮ বার পড়া হয়েছে