রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৭
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একাধিক থানা এলাকা থেকে এদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট চন্দ্রিমা থানা-পুলিশের একটি দল শিরোইল কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১) নামের দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তসলিমের দোকান থেকে ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯১ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তসলিম ও নিলয় উভয়ের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।
একই থানার পুলিশ হাজরাপুকুর নিউ কলোনি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শ্যামলী বেগম (৪৪) ও তাঁর সহযোগী রাহুল ইসলাম ওরফে মুন্নাকে (২৫) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৮টি ইয়াবা এবং নগদ ২২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল দীর্ঘদিন ধরে শ্যামলীর মাদক ব্যবসার প্রধান সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।
এদিকে, পবা থানা-পুলিশ হাটগোদাগাড়ী বাজারে অভিযান চালিয়ে ছয়টি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবাসহ মাইনুল ইসলাম রনি (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, রাজপাড়া থানা এলাকা থেকে রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০) নামের এক যুবককে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের অন্য একটি মাদকবিরোধী অভিযানে হড়গ্রাম নতুনপাড়া এলাকা থেকে তিনটি ট্যাপেন্টাডলসহ আব্দুল সাত্তার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১২৯ বার পড়া হয়েছে