সর্বশেষ

জাতীয়

সারাদেশে লোডশেডিং,পল্লী বিদ্যুতের স্থাপনায় পুলিশী নিরাপত্তা চায় বাপবিএ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনঅসন্তোষ বাড়ছে। এ পরিস্থিতিতে পল্লী বিদ্যুতের গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)।

বুধবার (১২ আগস্ট) পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) দেওয়া এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়েছে, জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হচ্ছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে এর প্রভাব বেশি পড়ছে। দীর্ঘ সময় লোডশেডিং থাকায় বিভিন্ন এলাকায় জনরোষ তৈরি হচ্ছে। এরই মধ্যে কোথাও কোথাও বিদ্যুৎ উপকেন্দ্র ও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বাপবিএর হিসাবে, দেশে মোট বিদ্যুৎ গ্রাহক প্রায় ৫ কোটি ২০ লাখ। এর মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো। অর্থাৎ দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ গ্রাহক পল্লী বিদ্যুতের আওতাভুক্ত। তবে এসব সমিতি বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় গ্রিড থেকে বরাদ্দ পাওয়া বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে সরবরাহ করে তারা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক দিনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গড় বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। চাহিদা ও বরাদ্দের এই ঘাটতির কারণে কোনো কোনো এলাকায় প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন স্থানে ক্ষুব্ধ মানুষ পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর করছেন বলে জানিয়েছে সংগঠনটি। এতে উপকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে।

এ অবস্থায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসে নিরাপত্তা জোরদারের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাপবিএ। চিঠির অনুলিপি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন ও থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

বাপবিএর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মনির হোসেন বলেন, সারা দেশে লোডশেডিং বেড়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে বিদ্যুৎ সরবরাহের বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন