সিরাজগঞ্জে তরিকুল হত্যা: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর নিহতের ভাই আব্দুল মোন্নাফ বাদী হয়ে মোট ১৪ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান, একই এলাকার হীরা মিয়া এবং বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহান শাহ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ৩ জনকে যাবজ্জীবনের আদেশ দিয়েছেন। মামলা চলাকালে আব্দুল মজিদ নামের এক আসামি মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া উপযুক্ত প্রমাণ না থাকায় বাকি ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
১২৬ বার পড়া হয়েছে