নিউমার্কেটে ফুটপাতের দোকান নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় দুই পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আটটার পর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে কয়েকটি দোকান বসিয়েছিলেন নিউমার্কেট থানা যুবদলের কিছু নেতা-কর্মী। পরে ওই দোকানগুলো সরিয়ে সেখানে নতুন করে দোকান বসানোর উদ্যোগ নেন ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ জন এবং নিউমার্কেট থানা যুবদলের ১০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢামেক হাসপাতাল ও ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে অবস্থিত নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব এ কে এম চঞ্চলের কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব এ কে এম চঞ্চল বলেন, যুবদলের কিছু নেতা-কর্মী ফুটপাতে ব্যবসা করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁরা নিজেরাই এসব দোকান পরিচালনা করছেন। মঙ্গলবার রাতে ছাত্রদলের পরিচয় দেওয়া ঢাকা কলেজের কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী দোকানগুলোতে হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। পরে তাঁর কার্যালয়েও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নিজের কোনো দোকান নেই দাবি করে চঞ্চল বলেন, তাঁর নামে কোনো দোকান থাকার প্রমাণ কেউ দিতে পারবেন না।
অন্যদিকে, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, তিনি ঢাকার বাইরে থাকায় ঘটনার বিষয়ে কিছু জানেন না। এ বিষয়ে সংগঠনের আহ্বায়কের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।
১৪৪ বার পড়া হয়েছে