পরিচ্ছন্নতায় সেরা ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান পেল 'ডিসি’জ অ্যাওয়ার্ড'
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের পরিচ্ছন্নতা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া হলো ‘ডিসি’জ অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’। জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির আওতায় সেরা পরিচ্ছন্ন বিদ্যাপীঠগুলোকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষায় ও সচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন বছরজুড়ে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে ময়মনসিংহের ১৪টি উপজেলার প্রতিটির একটি করে সেরা পরিচ্ছন্ন বিদ্যাপীঠ নির্বাচন করা হয় এবং তাদের এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী পর্বে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি অভ্যাস নয়, এটি আমাদের পবিত্র দায়িত্ব। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগান নিয়ে ময়মনসিংহের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গণে কাজ চলছে।
এ বছর পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্ত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছের নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার হাতেমতাই উচ্চ বিদ্যালয়।
১০৫ বার পড়া হয়েছে