সাবেক কৃষিমন্ত্রীর অনিয়ম: বিএমডিএর ৯ প্রকৌশলীকে দুদকে তলব
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের অনিয়ম ও টেন্ডার বাণিজ্যের অনুসন্ধানের অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৯ জন নির্বাহী প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১২ ও ১৩ আগস্ট দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট বিএমডিএর নির্বাহী পরিচালকের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এই তলব প্রক্রিয়া শুরু হয়। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সাবেক কৃষিমন্ত্রীর প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টেন্ডার বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
তদন্ত কর্মকর্তাদের মতে, অভিযুক্তদের মধ্যে প্রকৌশলী নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার এবং এটিএম রফিকুল ইসলামকে আগামী ১২ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অন্যদিকে, রেজাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, রুবিনা খাতুন ও সানজিদা খানম মলিকে পরবর্তী দিন অর্থাৎ ১৩ আগস্ট দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
অভিযোগের বিবরণে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে নিয়ম বহির্ভূতভাবে সানজিদা খানম মলিসহ তিন সহকারী প্রকৌশলীকে তড়িঘড়ি করে চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে তাদের গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, যা নিয়ে সংস্থায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে অভিযুক্ত প্রকৌশলী এনামুল কাদির দুদকের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি সাবেক কৃষিমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের অবৈধ অর্থনৈতিক লেনদেন বা দুর্নীতির সংযোগ অস্বীকার করেছেন। অপরদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সানজিদা খানম মলির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
১২০ বার পড়া হয়েছে