আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় এক মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল স্পষ্ট করে বলেছেন, বিএনপির ওপর দীর্ঘদিনের নির্মম নির্যাতনের কারণে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, পতিত স্বৈরাচারী দলটির ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিএনপিকে ধ্বংস করতে যে ধরনের বর্বরতা চালানো হয়েছিল, তা নজিরবিহীন। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কঠোর জবাব দেওয়া হবে।
ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন করার চেষ্টা প্রসঙ্গে ব্যারিস্টার পুতুল জানান, বিগত পরশুদিন পতিত স্বৈরাচারী সরকার ভারত থেকে যে অপতৎপরতার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিবাদ জানিয়েছে। অতীতে কোনো সরকার এমন সাহসী ও তাত্ক্ষণিক প্রতিবাদ জানাতে পারেনি বলে তিনি দাবি করেন।
দেশের বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় রেড অ্যালার্ট বা বাড়তি নিরাপত্তা জারির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি কেবলই একটি নিয়মিত বা রুটিন কাজের অংশ। এর পেছনে অতিরিক্ত বা ভীতিজনক কোনো কারণ নেই। দেশের মানুষের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এই স্বাভাবিক পদক্ষেপ নিয়েছে।
মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা সোহরাব উদ্দিনসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
১১৩ বার পড়া হয়েছে