তাড়াশে খালের ভেতর মিলল নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক অটোরিকশা চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত চালক বগুড়া থেকে নিখোঁজ হয়েছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিলন হোসেন (৩৩) গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি বগুড়া শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। গত ২ আগস্ট বগুড়া থেকে আকস্মিকভাবে নিখোঁজ হন মিলন। পরবর্তীতে ৫ আগস্ট তাঁর ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করে বগুড়া জেলা পুলিশ।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা জানান, শুক্রবার সকালে বেড়খালী এলাকায় খালের মধ্যে কচুরিপানার নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহে পচন ধরায় চারপাশ দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
এদিকে উদ্ধার হওয়া মরদেহের খবর পেয়ে নিহতের স্ত্রী ও শ্যালক তাড়াশ থানায় এসে মিলন হোসেনের পরিচয় শনাক্ত করেন। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
১২৪ বার পড়া হয়েছে