বগুড়ায় মৃত্যুর মিছিল: সকালে ৭ শ্রমিকের পর বিকেলে প্রাণ গেল দম্পতির
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে একই দিনে পরপর দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। সকালে বাসচাপায় সাত দিনমজুর নিহত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই জোড়া দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শুক্রবার বিকেলে সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হয়েছেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি। দুর্ঘটনায় তাদের সাথে থাকা শিশু নাতি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুল হাসান তাঁর স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে চড়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর স্ত্রী মারা যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।
এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে একই সড়কের সিল্কিবান্ধা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাতজন দিনমজুরের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হন। একই স্থানে বারবার এমন মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১২০ বার পড়া হয়েছে