কুষ্টিয়ার দৌলতপুরে বিপুল ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে এই নিষিদ্ধ ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ১ হাজার ৬২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩৮) নামের এক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক রাজু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঝাউতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত রাজু দীর্ঘদিন ধরে দৌলতপুরের সীমান্ত এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটের বড় চালান সংগ্রহ করে আসছিলেন। পরবর্তী সময়ে তিনি এগুলো কুষ্টিয়ার কুমারখালীসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ভিত্তিতে বিক্রি করতেন। তাঁর এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধসহ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটক আসামিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
১৩৭ বার পড়া হয়েছে