নাটোরে রুহুল কুদ্দুস দুলুকে লক্ষ্য করে গুলির চেষ্টা, পিস্তলসহ যুবক আটক
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপের পথসভা চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে দুই দফা গুলি করার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গণভবন সংলগ্ন এলাকায় স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত একটি পথসভায় অংশ নেন তারা।
পথসভা শেষে নেতৃবৃন্দ যখন মঞ্চ থেকে নামছিলেন, ঠিক তখনই ওই যুবক হঠাৎ ভিড়ের মধ্য থেকে হুইপ দুলুকে লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে ধরে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, অভিযুক্ত যুবক হুইপকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করেছিল, তবে পুলিশ ও উপস্থিত কর্মীদের তৎপরতায় তা ব্যর্থ হয়।
ঘটনাস্থল থেকেই অস্ত্রসহ ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বর্তমানে তাকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে