নরসিংদীতে চরাঞ্চলে গুলি করে হত্যা, দিনভর নিষ্ফল অভিযান
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দিনভর চরাঞ্চলে সাঁড়াশি অভিযান চালালেও ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে আলোকবালী ইউনিয়নের বাখননগর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের বাতেন মিয়ার ছেলে এবং স্থানীয় ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতির ভাতিজা। ঘটনার সময় সুমন তাঁর বোনের সাথে নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন।
সে সময় হঠাৎ ১০-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সুমনের ওপর চড়াও হয়। তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বাখননগর বাজারের একটি চায়ের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে সুমনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত সুমনের বোন সোনিয়া কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, সুমনের কয়েকদিন পরই বিদেশে যাওয়ার কথা ছিল এবং তাঁর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা ছাড়াই হাবি, মিটুল, মাইনুদ্দিন ও কালা নামের স্থানীয় কিছু ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, নিহতের শরীরে গুলির আঘাতসহ একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। এদিকে, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, স্থানীয় আধিপত্য বিস্তার বা পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের জোরদার অভিযান অব্যাহত রয়েছে।
১৪৯ বার পড়া হয়েছে