মাগুরায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াজ্জিনের মৃত্যু
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকায় লোডশেডিংয়ের গরমে অতিষ্ঠ হয়ে মসজিদের ছাদে বাতাস খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মোয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাবলিগ জামাতে আসা ওই মোয়াজ্জিনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার একটি এতিমখানা ও মাদ্রাসা মসজিদের ছাদে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম (২২) মাগুরা সদর উপজেলার বড়শলই গ্রামের শুকুর সর্দারের ছেলে। তিনি স্থানীয় নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইব্রাহিম তাবলিগ জামাতের সদস্য হিসেবে শহরের স্টেডিয়াম গেট আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন। রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে যান। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই ছাদ থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তাবলিগের অন্য সাথিরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
১২৭ বার পড়া হয়েছে