আওয়ামী লীগই দেশের রাজনীতি হত্যা করেছে: বাগেরহাটে ডা. শফিকুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগ এ দেশের রাজনীতি হত্যা করেছে এবং তারা এখনই রাজনীতিতে ফেরার উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দলটির অতীতের খুন, গুম ও দুঃশাসনের বিচার হওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অভিনথির বক্তব্য দেওয়ার সময় দলের অবস্থান পরিষ্কার করেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দীর্ঘ দেড় দশক ধরে চলা স্বৈরশাসনে অসংখ্য মানুষকে গুম-খুন করা হয়েছে। এ অবস্থায় কোনো ধরনের অনুশোচনা ছাড়া দলটির পুনর্বাসনের চেষ্টা দেশের জনগণ মেনে নেবে না এবং তা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে না আনাটা সরকারের নিজস্ব কৌশল হতে পারে। তবে দেশের শান্তিশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
রাজনীতিতে পেশিশক্তির ব্যবহার নিয়ে তীব্র সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, দেশে শান্তিশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব মূলত ক্ষমতাসীন দলের ওপরই বর্তায়। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে ক্ষমতার মসনদে থাকা দলের পক্ষ থেকেই বেশি সহিংসতা ছড়ানো হয়েছে। সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতিতে এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে।
এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যেকোনো ফ্যাসিবাদী সরকার জনগণের কণ্ঠ রোধ করতে প্রথমে সংবাদমাধ্যমের ওপর আঘাত হানে। বিগত সময়ে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল। তিনি মনে করেন, এখনো গণমাধ্যম পুরোপুরি স্বাধীন নয়, তবে দেশের কল্যাণে সংবাদপত্রের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করা আবশ্যক।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান দুর্দশা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি এবং লাগামহীন ভুতুড়ে বিলের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ যখন ন্যায্য দাবি নিয়ে কথা বলছে, তখন মন্ত্রণালয় থেকে উল্টো হুমকি দেওয়া হচ্ছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়।
মতবিনিময় সভায় বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভার পর জামায়াত আমির বাগেরহাট আলিয়া মাদ্রাসার রোকন সম্মেলনে যোগ দেন এবং ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।
১২৯ বার পড়া হয়েছে