ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার তীব্র যানজট
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টানা বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই কুমিল্লা সদর উপজেলার আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত যানবাহনের এই দীর্ঘ সারি সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ, তবে সড়ক দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন আমতলী এলাকার ঢাকামুখী লেনে বড় বড় গর্ত তৈরি হয়েছে। টানা বর্ষণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অংশে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন কিছু চালক উল্টো পথে যাওয়ার চেষ্টা করেন, যার ফলে চট্টগ্রামমুখী লেনেও যানজট ছড়িয়ে পড়ে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, গত তিন মাস ধরে ওই অংশে সংস্কারকাজ চললেও বৃষ্টির কারণে নতুন নতুন গর্তের সৃষ্টি হচ্ছে। দিন-রাত পুলিশ সদস্যরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।
কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা অভিযোগ করে বলেন, আমতলী এলাকায় বৃষ্টি হলেই যানজট নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে গর্তে কয়েকটি মালবাহী ট্রাক আটকে পড়ার কারণে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। দ্রুত এই মহাসড়ক মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
১৩৩ বার পড়া হয়েছে