টাঙ্গাইলে জমকালো আয়োজনে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার শুভ উদ্বোধন
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
‘সময়ের সাথে ন্যায়ের পথে’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে যাত্রা শুরু করল নতুন সাপ্তাহিক পত্রিকা ‘সময় তরঙ্গ’। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত এক জমকালো প্রকাশনা উৎসবে পত্রিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন পথচলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গণমাধ্যমের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করেছে সাপ্তাহিক 'সময় তরঙ্গ'। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই পত্রিকা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাপ্তাহিক 'সময় তরঙ্গ'-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ ঢাকার মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান।
বক্তারা আশা প্রকাশ করেন যে, 'সময় তরঙ্গ' পত্রিকাটি স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে টাঙ্গাইলের গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হবে। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৪০ বার পড়া হয়েছে