নড়াইল প্রেসক্লাবে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা, অনুদানের ঘোষণা
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে নড়াইল প্রেসক্লাব। একই অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেককেও সংবর্ধিত করা হয়। রবিবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাবের আধুনিকায়নে ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুর পরিচালনায় সংবর্ধনা সভাটি আয়োজিত হয়। অনুষ্ঠানে নড়াইলে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় বক্তব্য তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিক তারিকুজ্জামান লিটু, কাজী হাফিজুর রহমান ও খায়রুল আরেফিন রানাসহ স্থানীয় সংবাদকর্মীরা। তাঁরা জেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত দিনে জেলার এই ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এই অনুদান প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতে সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
১২৬ বার পড়া হয়েছে