নরসিংদীতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, গ্রেপ্তার ২
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও নকল বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে প্রায় ১২ লাখ টাকার মালামাল উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার কামরাবো বাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে কামরাবো বাজারের একাধিক বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জড়িত থাকার অপরাধে ফরিদপুর কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার নেপাল দত্ত (৬৯) এবং নরসিংদীর শিবপুরের কামরাবো এলাকার মো. রকিবকে (২৫) গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সংস্থাগুলোর মতে, গ্রেপ্তারকৃত নেপাল দত্ত নকল ব্যান্ডরোল সরবরাহকারী মূল চক্রের অন্যতম প্রধান হোতা।
অভিযান চলাকালে কারখানাগুলো থেকে ৮৬৬ বান্ডিল মোট ২১ লাখ ৬৫ হাজার পিস নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা। এছাড়া বাজারজাতকরণের উদ্দেশ্যে রাখা ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের ৯০ হাজার পিস নকল বিড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিড়ি উৎপাদন করে আসছিল।
শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, উদ্ধার করা সমস্ত সরঞ্জামসহ আটক দুই আসামিকে স্থানীয় শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া এবং মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
১২০ বার পড়া হয়েছে