কালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত: অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার তাগিদ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কালিয়া উপজেলার ছয়টি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একক প্রচেষ্টায় যা অর্জন করা অসম্ভব, সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তা খুব সহজেই বাস্তবায়ন করা যায়। সমবায় আন্দোলনের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ সমাজ ও নারীদের সমবায়ে আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দেন।
অনুষ্ঠানে স্থানীয় সমবায় সংগঠিত করা এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ছয়টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত সমিতিগুলো হলো কাটাদুরা কলাগাছি বহুমুখী সমবায় সমিতি, ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, প্রগতিশীল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, দেবদুন বাঐসোনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এবং শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।
উক্ত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার রহিমা খাতুন, কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলীসহ স্থানীয় অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব প্রদান করেন।
১২২ বার পড়া হয়েছে