কলাপাড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, ওসি (তদন্ত) মো. ইলিয়াস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় বিএনপি নেতা হাজী হুমায়ূন শিকদার এবং মুসা তাওহিদ নান্নু মুন্সি সহ সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন।
দিবসটি উপলক্ষে বাদ জোহর মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সব ধরনের ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় হাসপাতাল ও এতিমখানায় বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই দিবসের তাৎপর্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেলিপ্যাড মাঠে ছাত্র-জনতার আন্দোলনের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
১১৫ বার পড়া হয়েছে