গোপালগঞ্জে আওয়ামী লীগে পদত্যাগের হিড়িক: ৩ দিনে সরলেন ১১৬ নেতা
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদপদবি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। গত তিন দিনে জেলাটিতে মোট ১১৬ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। সর্বশেষ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন আরও ৮ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই ৮ নেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা স্বেচ্ছায় দল ও দলের সব ধরনের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতারা হলেন—বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিন্টু রায়, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সমীর কান্তি বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বিপুল বাইন ও পলাশ বালা। এছাড়া খান্দারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হরপ্রসাদ বালা, বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মিহির কুমার দাস এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বিকাশ বালা পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তারা সম্পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন।
এর আগে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় গত রবি ও সোমবার দুই দিনে মোট ১০৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছিলেন। নতুন করে এই ৮ জনের পদত্যাগের পর গত তিন দিনে মোট পদত্যাগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে।
১২৮ বার পড়া হয়েছে