গাজীপুরে ডিসির আকস্মিক পরিদর্শন: ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক অভিযান চালিয়ে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার আকস্মিক পরিদর্শনে দালাল চক্রের মাধ্যমে কাজ করানো এবং দাপ্তরিক কাজে অবহেলার প্রমাণ মেলায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতিও চলছে।
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগ উঠছিল। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া সেখানে একটি ঝটিকা সফর পরিচালনা করেন। পরিদর্শনের সময় সরকারি কাজ বহিরাগত বা দালালদের দিয়ে করানো এবং দাপ্তরিক নথিপত্র সংরক্ষণে চরম অবহেলার প্রমাণ হাতেনাতে ধরা পড়ে।
বরখাস্ত হওয়া অভিযুক্তরা হলেন—ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান এবং অফিস সহায়কদের মধ্যে মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নামজারির সফটওয়্যার ব্যবহারে অব্যবস্থাপনা এবং সরকারি নথি সুরক্ষায় তারা চরম অবহেলা প্রদর্শন করেছেন।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, গ্রাহকদের অসংখ্য অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চালানো হয়। সেখানে দায়িত্বরতদের কাজের কোনো নিয়মনিষ্ঠতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট নথি ও সফটওয়্যার ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
এই ঝটিকা অভিযানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। কাশিমপুর ছাড়াও সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে