সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ: পাবনায় বিএমডিএ চেয়ারম্যান
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন জানিয়েছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের সুফল দেশের মানুষ ইতিবাচকভাবে পেতে শুরু করেছে। পাবনার চাটমোহর ও ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন।
রবিবার দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিন। ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা প্রজেক্টের অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর অতি অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে দৃশ্যমান নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ নির্বাচনী আসনে ব্যাপক অবকাঠামোগত ও কৃষিভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বারোপ করে বিএমডিএ চেয়ারম্যান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি অঞ্চলের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি কেবল রোপণই নয়, বরং গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে পাবনা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন এবং চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ এই মহতী উদ্যোগে শরিক হন।
১২৭ বার পড়া হয়েছে