রাজশাহীতে জামায়াতের গণমিছিল: জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে বিশাল গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের জোরালো দাবি জানান।
রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে বর্ণাঢ্য এই গণমিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক মনিচত্বর, আলুপট্টি ও কুমারপাড়া প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে এসে এক বিশাল পথসভায় মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই বিপ্লবের চেতনা ও গণহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি বলেন, কোনো জাতি তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অবজ্ঞা করে সামনে এগিয়ে যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন, নিপীড়নমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের এই রায়কে পাশ কাটিয়ে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ডা. মো. জাহাঙ্গীর। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে জুলাই গণহত্যার মূল হোতাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
১৩৩ বার পড়া হয়েছে