'ওদের সঙ্গে আমার বন্ধন আত্মিক, তাই বারবার ছুটে আসি': সায়লা কবির
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির শিবালয়ে নদীভাঙন কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের সাথে তাঁর মূলত আত্মিক বন্ধন রয়েছে এবং সেই টানেই তিনি বারবার তাঁদের পাশে ছুটে আসেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নদীভাঙন কবলিত এলাকায় এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের হাতে ব্যক্তিগত ও সরকারি ত্রাণসামগ্রী তুলে দেন সায়লা কবির।
অনুষ্ঠানে সায়লা কবির বলেন, যমুনা নদীর তীব্র ভাঙনে যারা সর্বস্ব হারিয়েছেন, সরকারি তালিকার পাশাপাশি তাঁদেরকে ব্যক্তিগত তহবিল থেকেও সর্বোচ্চ সহায়তা করা হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যেকোনো পরিস্থিতিতে শিবালয়বাসীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ত্রাণ বিতরণকালে তিনি স্থানীয় জনগণের কাছে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নত করতে বর্তমান সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ দলটির স্থানীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১৩৭ বার পড়া হয়েছে