প্রস্তুতি ম্যাচে রোটাখ-এগার্নকে ১৫ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত প্রীতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল বায়ার্ন মিউনিখকে। জার্মানির স্থানীয় ক্লাব এফসি রোটাখ-এগার্নকে ১৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের আক্রমণভাগের শক্তির জানান দিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। ম্যাচজুড়ে একাধিক তরুণ ফুটবলারও নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন।
নতুন মৌসুম সামনে রেখে বাভারিয়ার লেক টেগার্নসিতে প্রস্তুতি ক্যাম্প করছে বায়ার্ন মিউনিখ। সেই ক্যাম্প চলাকালেই স্থানীয় ক্লাব এফসি রোটাখ-এগার্নের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামে জার্মান চ্যাম্পিয়নরা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে শেষ পর্যন্ত ১৫-০ গোলের বিশাল জয় তুলে নেয় তারা।
ম্যাচের অষ্টম মিনিটে ফিলিপ পাভিচ প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন তিনি। এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরিজন ইব্রাহিমোভিচ।
এরপর ফেলিপে শাভেজ জোড়া গোল করে দলের লিড আরও বাড়িয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ইব্রাহিমোভিচ নিজের দ্বিতীয় গোল করেন। বিরতিতে যাওয়ার আগে মাইকন কার্দোজোর গোলে প্রথম ৪৫ মিনিট শেষ হয় ৬-০ ব্যবধানে।
বিরতির পরও একই গতিতে আক্রমণ চালিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে আরমিন্দো সিব দুটি গোল করেন। কার্দোজোও নিজের দ্বিতীয় গোলটি করেন। গোলের তালিকায় নাম লেখান জোয়াও পালিনিয়া, বারা সাপোকো এনদিয়ায়ে, বাস্তিয়ান আসোমো, আলেকসান্ডার পাভলোভিচ ও জশুয়া কিমিখ। যোগ করা সময়ে স্কেন্ডার নুরাজ শেষ গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ১৫-০।
এই বড় জয়ে সবচেয়ে ইতিবাচক দিক ছিল তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স। ইব্রাহিমোভিচ, টম বিশফ, ফেলিপে শাভেজ, মাইকন কার্দোজো ও ফিলিপ পাভিচ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, যা নতুন মৌসুমের আগে কোচিং স্টাফের জন্যও স্বস্তির খবর।
রোটাখ-এগার্নের বিপক্ষে বড় ব্যবধানে জয় অবশ্য বায়ার্নের জন্য নতুন নয়। ২০২৩ সালের এক প্রীতি ম্যাচে একই প্রতিপক্ষকে ২৭-০ গোলের ব্যবধানে হারিয়েছিল তারা। এবার ১৫ গোলের জয় দিয়ে প্রস্তুতি ক্যাম্প শেষ করে নতুন মৌসুমের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল বাভারিয়ান ক্লাবটি।
১০৬ বার পড়া হয়েছে