ত্রিশালে রড নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে লোহার রড নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার দয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দয়া পাড়া এলাকার বাসিন্দা ডিম ব্যবসায়ী আতাউর রহমানের তিনতলা ভবনের নির্মাণকাজ চলছিল। বুধবার বিকেলে ওই ভবনের ছাদ থেকে লোহার রড নিচে নামানোর কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। এ সময় ভবনের কোল ঘেঁষে যাওয়া ৪৪০ ভোল্টের সচল বৈদ্যুতিক লাইনের সঙ্গে একটি রড স্পর্শ করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
তীব্র বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক ছাদ থেকে নিচে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের একজন হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জিসান (২০) এবং অন্যজন ত্রিশালের রামপুর ইউনিয়নের সিরাজ (২২)। জিসান সপরিবারে ভালুকার ভরাডোবা এলাকায় ভাড়া বাসায় থেকে এখানে কাজ করতেন।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইনের গা ঘেঁষেই ভবনটি নির্মাণ করা হয়েছিল। তবে ভবন মালিক আতাউর রহমানের দাবি, তিনি লাইনে প্লাস্টিক কভার লাগানোর জন্য বিদ্যুৎ বিভাগের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা ছিল বলেও স্থানীয় অনেকে মনে করছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে