সিলেটে বাড়ছে হামের সংক্রমণ: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১০২, মোট মৃত্যু ১০৯
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ৬১৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে জেলাভিত্তিক সংক্রমণের হারে সবচেয়ে শীর্ষে রয়েছে সুনামগঞ্জ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩২২ জন। এছাড়া সিলেট জেলায় ২০৬ জন, হবিগঞ্জে ৬১ জন এবং মৌলভীবাজারে ২৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
চলতি বছরে মৃত্যুর পরিসংখ্যানেও সুনামগঞ্জ জেলা সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বিভাগজুড়ে মোট ১০৯ জন মৃত্যুর মধ্যে সুনামগঞ্জেই প্রাণ হারিয়েছেন ৪৮ জন। অন্যান্য জেলার মধ্যে সিলেটে ৩৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হয়ে মারা গেছেন চারজন এবং বাকি ১০৫ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যান।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৯৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বাকি রোগীরা।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, হাসপাতালে নতুন রোগী ভর্তির হার এখনও ঊর্ধ্বমুখী থাকায় পুরো বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিশুদের এই মহামারি থেকে রক্ষা করতে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি হাসপাতালগুলোতে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে