সর্বশেষ

সারাদেশ

দুর্গাসাগর লিজ বাতিলের দাবিতে স্মারকলিপি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে লিজ না দেওয়ার দাবিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রাকৃতিক সৌন্দর্য, পাখির অভয়ারণ্য ও পর্যটন গুরুত্ব বিবেচনায় দিঘিটি সরাসরি সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণ ও উন্নয়নের দাবি জানানো হয়েছে।

বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার বাসিন্দাদের পক্ষ থেকে বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তা ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হবে।

স্মারকলিপিতে বলা হয়, বরিশাল শহরের কাছাকাছি বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত দুর্গাসাগর দিঘি এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান বিনোদন ও পর্যটন কেন্দ্র। প্রায় আড়াইশ বছরের পুরোনো এ জলাশয়টি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, পাখির অভয়ারণ্য এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবেও গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের অভিযোগ, দুর্গাসাগর দিঘি লিজ দেওয়া হলে এর প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তি বা প্রতিষ্ঠান মাছ চাষের উদ্দেশ্যে দিঘিতে অতিরিক্ত সার, কীটনাশক ব্যবহার কিংবা বিভিন্ন ধরনের জাল প্রয়োগ করলে পাখির নিরাপদ আবাসস্থল নষ্ট হতে পারে।

তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, বেসরকারি ব্যবস্থাপনায় গেলে সাধারণ পর্যটকদের প্রবেশ, সৌখিন মৎস্য শিকার এবং স্থানীয় মানুষের ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি দিঘির পরিবেশ ও সরকারি সম্পদের সুরক্ষা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশাল অঞ্চলে পর্যাপ্ত বিনোদনকেন্দ্র না থাকায় দুর্গাসাগর শিশু, পরিবার ও পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি বন্ধ বা সীমিত ব্যবহারের আওতায় গেলে সাধারণ মানুষ একটি বড় সুযোগ থেকে বঞ্চিত হবে।

স্থানীয়রা দাবি করেছেন, লিজ প্রক্রিয়া বাতিল করে দুর্গাসাগরের অবকাঠামো উন্নয়ন, পাখির অভয়ারণ্য সংরক্ষণ এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় এটিকে একটি আধুনিক ও লাভজনক পর্যটনকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপির অনুলিপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বরিশাল বিভাগীয় কমিশনার এবং বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ প্রক্রিয়ায় এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এর আগে গত ২ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের এক সরকারি স্মারকে জানা যায়, চলতি বছরের ১০ মে বরিশাল বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দুর্গাসাগর দিঘি ও পাখি অভয়ারণ্যের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। ওই সভায় দুর্গাসাগর দিঘি ও পাখি অভয়ারণ্য প্রকল্প ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন